ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনা
রাজধানীর মতিঝিল এলাকার দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সোমবার (০১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের সামনে অবস্থান নেয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদানের প্রতিবাদে একদল আন্দোলনকারী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এসি//