আইন-বিচার

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্নার বিচার শুরু আজ

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সি শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে সোমবার (১জুন)। ইতোমধ্যে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে আনা হয়েছে। চার্জগঠনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। 

সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে সোহেল রানাকে আদালতে আনা হয়। আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন শুনানি হবে।

রোববার (২৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সেদিন অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, সোমবার (১ জুন) চার্জগঠন শুনানির মাধ্যমে বিচারকাজ শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে মামলার সাক্ষ্যগ্রহণ চলবে। দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষ করে রায় ঘোষণা করা হবে বলে তারা আশাবাদী।  

তিনি আরও বলেন, শুক্রবার (১৫ জুন) পর্যন্ত আদালতের অবকাশকালীন ছুটি থাকলেও এই ট্রাইব্যুনালের বিচারকের ছুটি সরকার বাতিল করেছে এবং বিচারক তা গ্রহণ করেছেন। ফলে মামলার কার্যক্রম অব্যাহত থাকবে।   

উল্লেখ্য গত (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।সে বাসায় বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে সোহেল। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ-হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ নষ্ট করায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। সাক্ষী করা হয়েছে রামিসার বাবা ও প্রতিবেশীসহ ১৮ জনকে।  

      

  পিডি 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন