চোটের শঙ্কা উড়িয়ে নেইমারকে নিয়ে আত্মবিশ্বাসী কোচ আনচেলত্তি
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই- নেইমার কি সত্যিই মাঠে নামতে পারবেন? চোটকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা নিয়ে এবার নতুন করে আশার কথা শোনালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে কোনো ধরনের সংশয় নেই এবং তাকে কোনো বিকল্প দিয়ে প্রতিস্থাপনের পরিকল্পনাও নেই।
বিশ্বকাপ সামনে রেখে রিও ডি জেনিরোতে ২৭ মে থেকে অনুশীলন শুরু করেছে ব্রাজিল দল। তবে কাফ মাসলের চোটে এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় মাঠের অনুশীলনে সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারছেন না নেইমার। এই পরিস্থিতিতেই দলের প্রস্তুতি ও তার শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন আনচেলত্তি।
তিনি জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে নেইমারের ইনজুরি ধীরে ধীরে উন্নতি করছে। ক্লাব পর্যায় থেকে তাকে একটি ফোলাজনিত সমস্যার বিষয়ে আগেই জানানো হয়েছিল। কোচের ভাষায়, “আমরা বিশ্বাস করি সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে এবং মানসিকভাবে সে ভালো অবস্থায় আছে।”
তবে এর আগে ব্রাজিলের মেডিকেল টিমের প্রধান রদ্রিগো লাসমার জানিয়েছিলেন, নেইমারকে মাঠের বাইরে থাকতে হতে পারে আরও দুই থেকে তিন সপ্তাহ। সে ক্ষেত্রে ১৩ জুন মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।
এ বিষয়ে আনচেলত্তি অবশ্য আরও আশাবাদী অবস্থান নিয়েছেন।

প্রথম ম্যাচ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে হতাশা নেই। কোচের বিশ্বাস, বিশ্বকাপের শুরুর দিকেই দলে যোগ দিতে পারবেন সেলেসাওদের এই তারকা ফরোয়ার্ড। যদি উদ্বোধনী ম্যাচে না-ও পারে, তবে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে।
বিশ্বকাপের মঞ্চে নেইমারকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে ব্রাজিল। তাই চোটের ধাক্কা সত্ত্বেও তার বিকল্প খোঁজার পথে হাঁটছে না সেলেসাওরা; বরং অপেক্ষা করা হচ্ছে তার প্রত্যাবর্তনের।
এর আগে বিশ্বকাপ দল ঘোষণার সময় আনচেলত্তি জানিয়েছিলেন, শতভাগ ফিট নন এমন কাউকে দলে রাখা হবে না। তবে পরে তিনি ব্যাখ্যা দেন যে, কিছু খেলোয়াড় যারা বর্তমানে চোটে আছেন, বিশ্বকাপের সময়ের মধ্যে তারা ফিট হয়ে উঠতে পারেন—এই বিবেচনায়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে এডার মিলিতাও, রদ্রিগো ও এস্তেভাও এখনো পুরোপুরি ফিট হতে পারেননি।
নেইমার বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন। চোটের কারণে তিনি ব্রাজিলের দুটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিতে পারছেন না। এর মধ্যে রোববার মারাকানায় পানামার বিপক্ষে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারও সমৃদ্ধ ইতিহাসে ভরা। ব্রাজিলের হয়ে তিনি এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯টি গোল করেছেন, যা তাকে দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। এটি তার চতুর্থ বিশ্বকাপ হতে যাচ্ছে, যা ঘিরে সমর্থকদের প্রত্যাশাও তুঙ্গে।
এসি//