রাজনীতি

প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে মাঠে নামার আহ্বান সারজিস আলমের

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ জনসেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

একই সঙ্গে সারজিস আলম দেশের বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম, চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বাস্তব চিত্র সরাসরি দেখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি এ বিষয়ে ছদ্মবেশে মাঠপর্যায়ে পরিদর্শনের পরামর্শ দেন।

শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনে বর্জ্য অপসারণের সার্বিক অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়াই বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা দৃশ্যমান হলে দুই কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়।

সারজিস লিখেছেন, প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।

পোস্টে তিনি আরও বলেন, একইভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক-ব্যবসাসহ দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের প্রজেক্টগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে অভিজ্ঞতা গ্রহণের আহ্বান করছি।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন