চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দিচ্ছে সরকারঃ সুলতান সালাউদ্দিন টুকু
সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের সুবিধার্থে সরকার বিনামূল্যে লবণ বিতরণের ব্যবস্থা করেছে।
বৃহস্পতিবার (২৮ মে) টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত শেষে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। এ কাজে স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে এবং অল্প সময়ের মধ্যেই বর্জ্য পরিষ্কার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। কোথাও কোনো ধরনের অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
ঈদের জামাতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও নানা শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আর/আই