শিশুকে ধর্ষণের ঘটনায় যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা
নারায়ণগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হিরো (২২) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। একই ঘটনায় অপর অভিযুক্ত সোহেলকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) রাতে সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে একটি ক্ষেতের নির্জন স্থানে নিয়ে অভিযুক্ত দুই যুবক পাশবিক নির্যাতন চালায় । ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে গেলে তার মা বিষয়টি বুঝতে পারেন। তবে লোকলজ্জার ভয়ে প্রথমে তিনি বিষয়টি কাউকে জানাননি।
পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রাতেই ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারা অভিযুক্ত হিরোকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেন। পরে গুরুতর অবস্থায় পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী অভিযান চালিয়ে অপর অভিযুক্ত সোহেলকে আটক করে।
এ ঘটনায় শিশুর মা থানায় ধর্ষণের অভিযোগ করেছে। স্বাস্থ্য পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ