দেশজুড়ে

প্রেমিকার বিয়ের আসরে গিয়ে প্রেমিকের বিষপান

প্রেমিকার বিয়ের আসরে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. সাহাব উদ্দিন (২৫) নামে এক তরুণ।  শুক্রবার (২২ মে) চট্টগ্রামের আনোয়ারায়  উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়সূত্রে জানা গেছে, আনোয়ারা সরকারি কলেজে পড়াশোনার সময় রোকসানা আক্তার (২০) নামের এক তরুণীর সঙ্গে সাহাব উদ্দিনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে রোকসানার পরিবার অন্যত্র তার বিয়ে ঠিক করে।  বিষয়টি জানার পর সাহাবউদ্দিন দুই পরিবারকে রাজি করানোর চেষ্টা করেন। এমনকি তার পরিবার থেকেও বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মেয়ের পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

এর মধ্যে গতকাল শুক্রবার নিজ বাড়িতে ওই তরুণীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে সাহাবউদ্দিন বিয়ের আসরে যান এবং সেখানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাহাবউদ্দিনের বড় ভাই নঈম উদ্দিন বলেন, আমার ভাইয়ের সঙ্গে মেয়েটির দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমরা বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু মেয়ের পরিবার রাজি হয়নি। পরে বিয়ের আসরে গিয়ে আমার ভাই বিষপান করে। তাকে মারধরও করা হয়েছে বলে শুনেছি।

ওসি জুনায়েদ চৌধুরী জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন