দেশজুড়ে

পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া পুলিশ লাইন্স থেকে আরিফুল ইসলাম (৩৮) নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে পুলিশ লাইন্সের বেতার শাখার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তার বিপি নম্বর ৮৮০৭১২৭৪৮৫।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) মীর্জা সায়েম মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আরিফুল ইসলাম পুলিশ লাইন্সের বেতার শাখার দোতলার একটি কক্ষে সহকর্মীদের সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে তাকে কক্ষে দেখা গেলেও শুক্রবার সকালে সেখানে তাকে পাওয়া যায়নি। সহকর্মীরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি নিচতলায় দায়িত্ব পালন করছেন।

তবে সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পাশের একটি বন্ধ ওয়ার্কশপ কক্ষের জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা।

খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার জানান, আরিফুল ইসলামের স্ত্রী ও দুই সন্তান গ্রামের বাড়িতে থাকেন। পরিবারের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত কোনো পারিবারিক বিরোধের তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

আরআই/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন