আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর একটি মসজিদে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। হামলার পর বন্দুকধারী দুই কিশোর আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৯ মে) মার্কিন বার্তাসংস্থা এপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার এ হামলার ঘটনা ঘটে।

সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো-কে লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে ‘সাধারণ ঘৃণামূলক বক্তব্যের’ প্রমাণ পাওয়া গেছে।

তিনি জানান, দুই হামলাকারী সামরিক পোশাক পরে মসজিদে গুলি চালায়। ঘটনাস্থলে নিহতদের একজন ছিলেন মসজিদের নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ। তার সাহসী ভূমিকার কারণেই আরও বড় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

হামলার কিছুক্ষণ পর মসজিদ থেকে কয়েক ব্লক দূরে একটি গাড়ির ভেতর থেকে হামলাকারীদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তারা এক পথচারীকেও লক্ষ্য করে গুলি চালিয়েছিল, তবে তিনি অক্ষত ছিলেন।

ঘটনার সময় মসজিদ প্রাঙ্গণ থেকে শিশুদের হাত ধরে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায়। পরে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, হামলার আগেই ১৭ ও ১৮ বছর বয়সী দুই কিশোরের একজনকে খুঁজছিল পুলিশ। তার মা পুলিশকে জানিয়েছিলেন, ছেলে আত্মহত্যাপ্রবণ আচরণ করছিল এবং বাড়ি থেকে পালিয়ে গেছে। একইসঙ্গে বাড়ি থেকে কয়েকটি অস্ত্র ও তার গাড়িও নিখোঁজ ছিল।

মসজিদের ইমাম তাহা হাসানে এই হামলাকে ‘অত্যন্ত ন্যক্কারজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘উপাসনালয় কখনোই হামলার লক্ষ্যবস্তু হতে পারে না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে ‘ভয়াবহ পরিস্থিতি’ বলে মন্তব্য করেছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন