মারা গেছেন ‘শার্লক হোমস’র ড. ওয়াটসন
বিশ্ববিখ্যাত গোয়েন্দা টিভি সিরিজ ‘শার্লক হোমস’-এ ড. জন ওয়াটসন চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা ব্রিটিশ অভিনেতা ডেভিড বার্ক আর নেই। মৃত্যুকালে এই খ্যাতনামা মঞ্চ ও টেলিভিশন অভিনেতার বয়স হয়েছিল ৯১ বছর। গত ১০ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (১৫ মে) তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তার প্রতিনিধিত্বকারী সংস্থা ‘স্কট মার্শাল পার্টনার্স’। সংস্থাটি জানায়, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।
১৯৩৪ সালের ১৫ মে লন্ডনে জন্ম নেয়া ডেভিড বার্ক অভিনয়ের প্রাথমিক প্রশিক্ষণ নেন বিখ্যাত রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে। পরবর্তীতে তিনি জাতীয় নাট্যশালার মঞ্চে উইলিয়াম শেকসপিয়ারের ‘কিং লিয়ার’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন, যেখানে তার সহশিল্পী ছিলেন ইয়ান হলম।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে একাধিক জনপ্রিয় প্রযোজনায় কাজ করেছেন। ‘মিডসোমার মার্ডার্স’, ‘রেইলি’, ‘এস অব স্পাইজ’, ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’, ‘দ্য রাইভালস’, ‘বার্টি অ্যান্ড এলিজাবেথ’ এবং ‘দ্য ম্যান হু সো টুমরো’সহ বহু প্রজেক্টে তার অভিনয় প্রশংসিত হয়।
আশির দশকের শুরুতে জেরেমি ব্রেটের সঙ্গে ‘শার্লক হোমস’ সিরিজের প্রথম সিজনে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করেন তিনি। পরে দ্বিতীয় সিজনে তার স্থলাভিষিক্ত হন এডওয়ার্ড হার্ডউইক।
ব্যক্তিজীবনে ডেভিড বার্ক রেখে গেছেন স্ত্রী আনা ক্যালডার মার্শাল এবং ছেলে টম বার্ককে। জানা যায়, দীর্ঘদিন পরিবার থেকে দূরে শুটিংয়ের কারণে মানসিকভাবে কষ্ট পেতেন তিনি, যার ফলে দ্বিতীয় সিজনে আর অভিনয় চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
তার ছেলে টম বার্কও অভিনয় জগতে পা রেখে পরিচিতি পেয়েছেন। তিনি ‘দ্য মাস্কেটিয়ার্স’ ও ‘স্ট্রাইক’-এর মতো প্রযোজনায় অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন।
এসি//