ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার হচ্ছে : চীফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম বলেছেন, বিশ্বের কোনো আদালতই পুরোপুরি রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নয়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান বজায় রেখেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলাগুলোর বিচার করছে
শনিবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সদ্য সনদপ্রাপ্ত নবীন আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় অবস্থিত আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চীফ প্রসিকিউটর বলেন, ইতোমধ্যে পাঁচটি মামলার রায় ঘোষণা হয়েছে এবং বেশ কয়েকজন আলোচিত ব্যক্তির শাস্তিও নিশ্চিত করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, “আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জন আসামির বিরুদ্ধে তাদের অপরাধের ধরন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে। কাউকে অযথা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া হয়নি। এ থেকেই বোঝা যায়, বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে।”
তিনি আরও জানান, বর্তমানে ট্রাইব্যুনালে ২২টি মামলা বিচারাধীন রয়েছে এবং আরও ৩১টি মামলা দ্রুত বিচার কার্যক্রমে আসছে। এছাড়া ৪০৫টি মামলা তদন্তাধীন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ক্রসফায়ার ও গুমের ঘটনাগুলোর তদন্তও শুরু হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার সংখ্যা হাজারেরও বেশি হতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অধ্যক্ষ ড. মোহাম্মদ শাহ জালাল, পাবনার পাবলিক প্রসিকিউটর অ্যাড. গোলাম সরোয়ার খান জুয়েল এবং শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাড. কে এম রায়হান উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ূন কবির।
আই/এ