ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৪৫ দিন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। শুক্রবার (১৫ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলমান সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামী ২ ও ৩ জুন ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে চতুর্থ দফায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে।
গত ১৬ এপ্রিল সীমান্তে চরম উত্তেজনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও লেবাননের মধ্যে প্রথম ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এই যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দফায় বাড়ানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক শুরু হয়।
বৈঠকে লেবাননের প্রতিনিধিত্ব করেন সাবেক রাষ্ট্রদূত সাইমন কারাম, রাষ্ট্রদূত নাদা হামাদেহ মুআওয়াদ এবং সামরিক কর্মকর্তারা। অন্যদিকে ইসরাইলি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। এ সময় যুক্তরাষ্ট্রের লেবানন ও ইসরাইলবিষয়ক দূত মিশেল ইসা এবং মাইক হাকাবি বৈঠকে উপস্থিত ছিলেন।
তবে যুদ্ধবিরতি মাঝেও ইসরাইলি বাহিনী তেবনিন, হারুফ ও বেইত ইয়াহুনসহ লেবাননের বিভিন্ন এলাকায় স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। অপরদিকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরাইলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে ড্রোন, রকেট ও গোলাবর্ষণের মাধ্যমে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ৯৫১ জন নিহত ও ৮ হাজার ৯৮৮ জন আহত হয়েছে।