‘পতনের দিকে যাওয়া দেশ’ বলতে শি আমাকে নয়, বাইডেনকে বুঝিয়েছেন: ট্রাম্প
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে 'পতনের দিকে যাওয়া দেশ' বলে যে মন্তব্য করেছিলেন, তা বর্তমান প্রশাসনকে নয়; বরং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কালকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প।
পোস্টে তিনি লেখেন, শি জিনপিং যখন যুক্তরাষ্ট্রকে “অবক্ষয়ী রাষ্ট্র” হিসেবে উল্লেখ করেছিলেন, তখন তিনি মূলত বাইডেন প্রশাসনের চার বছরে দেশের যে ক্ষতি হয়েছে, সেটিকেই ইঙ্গিত করেছেন।
ট্রাম্পের দাবি, বাইডেন আমলে যুক্তরাষ্ট্র নানা সংকটের মুখে পড়ে। তিনি খোলা সীমান্ত নীতি, উচ্চ কর, ডিইআই নীতি, অপরাধ বৃদ্ধি এবং বাণিজ্য চুক্তিকে সে সময়ের বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন।
তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি বদলে গেছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আকর্ষণীয় রাষ্ট্রে পরিণত হয়েছে।
নিজ প্রশাসনের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় রয়েছে, বিদেশি বিনিয়োগ বেড়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
এছাড়া শি জিনপিং তার প্রশাসনের স্বল্প সময়ের অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। পোস্টের শেষদিকে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ইতিবাচক ও শক্তিশালী হবে।
এমএ//