নিখোঁজের দুই দিন পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ধনু নদী থেকে আনাস (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার এনসহিলা গ্রামসংলগ্ন ধনু নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্বজন ও এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিল উজ জামান
নিহত আনাস উপজেলার কুর্শি গ্রামের বড়হাটি এলাকার বাসিন্দা মানিক মিয়ার ছেলে। পরিবারের ছয় মেয়ের মধ্যে আনাসই ছিলেন একমাত্র ছেলে।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার গরু গোসল করাতে ধনু নদীতে যায় আনাস। একপর্যায়ে নদীর স্রোতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে। সাঁতার না জানায় দ্রুত পানির নিচে তলিয়ে যায় কিশোরটি।
ঘটনার পর স্থানীয় লোকজন ও ডুবুরি দল নদীতে দীর্ঘ সময় তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়।
পরিষদের চেয়ারম্যান আদিল উজ জামান বলেন, আনাস নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি পরিবারের পাশে ছিলেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, কিশোরটির মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএ//