জাতীয়

২৭তম বিসিএসের বঞ্চিত ৯৬ প্রার্থীকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন নিয়োগবঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়, জ্যেষ্ঠতা সংক্রান্ত সুবিধা অক্ষুণ্ন রাখতে এই নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, ব্যাচের প্রথম নিয়োগের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা হিসাব করা হবে। তবে এ কারণে তারা কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় মোট ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেই ফল বাতিল করে দ্বিতীয় দফায় মৌখিক পরীক্ষা নেয়।

প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা আদালতে রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন আবেদনকারীরা।

পরবর্তীতে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার আরও ৯৬ জনকে নিয়োগ দেওয়া হলো।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন