ঈদের আগে ঢাকায় আসছেন ‘ডোনাল্ড ট্রাম্প’
ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, কোরবানির পশুর হাট আর খামারগুলোতে ততই জমে উঠছে নানা রকম চমক ও আলোচনার বিষয়। কিন্তু এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক অদ্ভুত দর্শন মহিষ—যার রং গোলাপি, গড়ন বিশাল, আর পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে!
নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে রাখা এই এলবিনো মহিষটি এখন দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির শরীরের রং স্বাভাবিকের চেয়ে ভিন্ন হওয়ায় এটি সহজেই আলাদা করে নজর কাড়ছে সবার।
খামার কর্তৃপক্ষ জানান, মহিষটির মাথার সামনের দিকের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেয়ারস্টাইলের কথা মনে করিয়ে দেয়। সেই মজার মিল থেকেই তারা প্রাণীটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
স্থানীয়ভাবে পরিচিত হয়ে ওঠা এই ‘নারায়ণগঞ্জের ট্রাম্প’ এখন শুধু খামারেই সীমাবদ্ধ নেই—বরং এটি পরিণত হয়েছে একটি ছোটখাটো দর্শনীয় স্থানে। প্রতিদিনই অসংখ্য মানুষ খামারে ভিড় করছেন মহিষটি দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তুলে ধরছেন এই ব্যতিক্রমী পশুটিকে।
ঈদকে ঘিরে যেখানে কোরবানির পশুর হাটে দাম ও আকার নিয়ে চলছে আলোচনা, সেখানে এই গোলাপি রঙের মহিষটি আলাদা এক কৌতূহল ও বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহী থেকে মহিষটি সংগ্রহ করা হয়। এরপর প্রায় ১০ মাস বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে।
তিনি বলেন, প্রথমে কোনো নাম ছিল না। পরে ছোট ভাই মজা করে বলে, এর চুল তো একদম ডোনাল্ড ট্রাম্পের মতো। এরপর থেকেই নামটা ছড়িয়ে পড়ে।
খামার সূত্রে জানা গেছে, মহিষটির খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, তিলের খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও তাজা ঘাস। নিয়মিত গোসল ও আলাদা পরিচর্যাও করা হয়।
পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, মহিষটা খুব শান্ত স্বভাবের। সময়মতো খাবার দিতে হয় এবং অন্যগুলোর তুলনায় বেশি যত্ন নিতে হয়।
খামারের আরেক কর্মচারী জুবায়ের জানান, খামারে আরও মজার নামের পশু রয়েছে যেমন তুফান, রহমান ডাকাত ও মাস্তান। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
ভাইরাল হওয়ার পর প্রতিদিন শত শত মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফেসবুকে দেখে বিশ্বাস হয়নি। সামনে এসে দেখি সত্যিই চুলটা ট্রাম্পের মতো।
দর্শনার্থীদের অনেকে আবার পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে খামারে আসছেন। ঈদকে ঘিরে পশু দেখার ঐতিহ্যের সঙ্গে এবার যোগ হয়েছে ভাইরাল এই মহিষটিকে এক নজর দেখার আগ্রহ।
খামার কর্তৃপক্ষ জানায়, এবারের ঈদ উপলক্ষে তাদের খামারে প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হয়েছিল। তবে সব পশুর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামারের মালিক জানান, মহিষটি ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মোট প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে এটি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এটি বিরল কোনো বিদেশি জাত নয়। এটি দেশি এলবিনো প্রকৃতির মহিষ। শরীরে রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এ ধরনের ভিন্ন রং দেখা যায়।
এসি//