৫২ টিভির সংবাদ প্রকাশের পর অসহায় বৃদ্ধার পাশে সমাজসেবক রনি
“ওষুধের টাকাও জোটে না বৃদ্ধা হাবিবার, শেষ ভরসা সমাজের সহানুভূতি” শিরোনামে ৫২ টিভিতে সংবাদ প্রকাশের পর অসহায় বৃদ্ধা মোছা. হাবিবার পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক ও বাংলা টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন রনি।
সোমবার (১১ মে) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার ১ নম্বর রশিদাবাদ ইউনিয়নের ব্রাহ্মণ কচুরি গ্রামে হাবিবার বাড়িতে গিয়ে তিনি ঈদসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন বৃদ্ধা হাবিবা। বয়সের ভারে ন্যুব্জ এই নারী প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছিলেন না। ওষুধ কেনার সামর্থ্য না থাকায় মানবিক সহায়তার আবেদন জানিয়ে সম্প্রতি ৫২ টিভিতে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ব্যাপক সহানুভূতির সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় সমাজসেবক মনোয়ার হোসেন রনি বৃদ্ধার খোঁজখবর নিতে তার বাড়িতে যান এবং প্রয়োজনীয় সহায়তা তুলে দেন।
এ সময় তিনি বলেন, “সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে হাবিবার মতো অসহায় মানুষগুলো একটু ভালোভাবে বাঁচতে পারবে। মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসা উচিত।”
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা হাবিবা। তিনি সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার জন্য দোয়া করেন।
স্থানীয় এলাকাবাসী এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
এমএ//