ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতির
তামিলনাড়ুর মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়। মঙ্গলবার (১২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজ্য পরিচালিত সংস্থা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক)-এর অধীনে পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বিজয়ের প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্ত।
রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়, “সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনায় নিয়ে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরা মদের দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন।”
বর্তমানে তামিলনাড়ুতে টাসম্যাকের মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।
বিশ্লেষকদের মতে, মদের বিক্রি থেকে বিপুল রাজস্ব আয় হলেও জনস্বার্থে এ ধরনের পদক্ষেপের পক্ষে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিন ধরেই ঐকমত্য ছিল। ২০২৫ সালে শুধু টাসম্যাক থেকেই তামিলনাড়ু সরকারের আয় হয়েছিল ৪৮ হাজার কোটি রুপির বেশি।
উল্লেখ্য, নির্বাচনের আগে বিজয় ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন এই সিদ্ধান্তকে সেই প্রতিশ্রুতির প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।
গেল মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কংগ্রেস, দুটি বাম দল এবং বিদুথালাই চিরুথাইগাল কাছির সমর্থনে সরকার গঠন করে দলটি।
এমএ//