নবদম্পতির জন্য নিজের অনুষ্ঠান সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী
নবদম্পতির বিশেষ আয়োজন নির্বিঘ্ন রাখতে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (০৯ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, কেআইবি মিলনায়তনে দিনব্যাপী বিএনপির একটি রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই স্থানে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানও নির্ধারিত ছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি নবদম্পতির আয়োজন যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য দলীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করার নির্দেশ দেন।
নির্ধারিত সময়ের আগেই রাজনৈতিক কর্মসূচি শেষ করে ভেন্যু খালি করে দেওয়া হয়, যাতে বিয়ের অনুষ্ঠান যথাসময়ে শুরু করা সম্ভব হয়।
কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বর-কনেকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
উপস্থিত অতিথিরা জানান, রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সাধারণ মানুষের ব্যক্তিগত মুহূর্তের প্রতি প্রধানমন্ত্রীর এমন সম্মানবোধ প্রশংসনীয়। তাদের মতে, এটি দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের পরিচায়ক।
বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া আমন্ত্রিত অতিথিরাও প্রধানমন্ত্রীর এই সৌজন্যমূলক আচরণের ভূয়সী প্রশংসা করেন।
এসি//