আন্তর্জাতিক

দাবার চালে আটকে গেলো বিজয়ের শপথ!

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর রাজনীতি বর্তমানে এক রহস্যময় আবহে আচ্ছন্ন। রাজ্যে পরিস্থিতি অনেকটা দাবা খেলার মতো হয়ে উঠেছে। শুক্রবার পরিস্থিতি এমন ছিল যে মনে হচ্ছিল থালাপথি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। তবে গত রাতে হঠাৎ করেই পুরো রাজনৈতিক সমীকরণ পাল্টে যায় এবং বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান আবারও ম্লান হয়ে যায়।

একাধিক দলের সমর্থনের জোরালো আলোচনা থাকলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার লিখিত প্রমাণ দিতে না পারায় অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার (০৯ মে) শপথ গ্রহণ আপাতত হচ্ছে না।

শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয় তৃতীয়বারের মতো রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। তবে রাজ্যপাল স্পষ্ট করে দেন, ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থনের পূর্ণাঙ্গ প্রমাণ এখনো তার হাতে পৌঁছায়নি। ফলে বিজয়কে শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে আগে দাবি করা হয়েছিল, চারটি দলের সমর্থনে বিজয়ের নেতৃত্বাধীন জোট ১২০ আসনের সমর্থন নিশ্চিত করেছে। কিন্তু রাজভবন সূত্র বলছে, বাস্তবে তার পক্ষে বর্তমানে ১১৬ জন বিধায়কের সমর্থন রয়েছে, যা সরকার গঠনের ‘ম্যাজিক ফিগার’ থেকে দুই আসন কম।

এই জটিলতার বড় কারণ সম্ভাব্য মিত্রদের অবস্থান পরিবর্তন।

বিজয়ের সম্ভাব্য সমর্থক হিসেবে আলোচনায় থাকা ইনডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তারা টিভিকে জোটের অংশ নয়। একইভাবে আম্মা মক্কাল মুনেত্র কাজগাম (এএমএমকে) বা টিটিভি গোষ্ঠীও বিজয়কে সমর্থন না দিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের সুযোগ এআইএডিএমকেকে দেওয়ার পক্ষে মত জানিয়েছে। এতে বিজয়ের জোট গঠনের হিসাব বড় ধাক্কা খেয়েছে।

গত ৪ মে ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলাফলে প্রথমবারের মতো ভোটে অংশ নিয়েই থালাপতি বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয় পেয়ে তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক দেখায়। এর মধ্য দিয়ে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা লাগে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকায় সরকার গঠনের জন্য তাদের আরও অন্তত ১০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন হয়।

বিজয় নিজেও দুটি আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হবে, ফলে তার দলের কার্যকর আসন সংখ্যা আরও কমে ১০৭-এ নেমে আসতে পারে। সে কারণেই ফল ঘোষণার পর থেকেই টিভিকে সরকার গঠনের লক্ষ্যে সম্ভাব্য জোটসঙ্গী খুঁজে আসছে।

তিন দফা রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরও প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে না পারায় তামিলনাড়ুর সরকার গঠন প্রক্রিয়া এখন অনিশ্চয়তার মুখে। ফলে রাজ্যের পরবর্তী সরকার কে গঠন করবে, তা নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেছে। থালাপথি বিজয় যতক্ষণ না তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন, টিভিকে সরকারের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন