নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিলো ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা
যুক্তরাষ্ট্রে নিজেদের রুমমেট ও সহপাঠীর হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। লিমন ও বৃষ্টি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৮ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বসন্তকালীন সমাবর্তনে এ সম্মাননা দেয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে এই দুই শিক্ষার্থীকেও ডিগ্রি দেয়া হয়। লিমন ও নাহিদের স্মরণে সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে দুটি খালি চেয়ার নির্ধারিত সমাবর্তনের জন্য নির্ধারিত পোশাকে সজ্জিত করে রাখা হয়। এ বছর ৩৯৩ জন ডক্টরাল ডিগ্রিধারীর তালিকায় এই দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
গেল ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। দুই শিক্ষার্থী খুনের ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আই/এ