ভেঙে দেয়া হলো মমতার মন্ত্রিসভা
মমতা ব্যানার্জী পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। এর মধ্যে দিয়ে অবসান ঘটলো মমতার ১৫ বছরের শাসনের।
বৃহস্পতিবার (৭ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, পাঁচ বছরের মেয়াদ শেষে বিধানসভা ভেঙে যায় এবং নতুন সরকার শপথ গ্রহণ না করা পর্যন্ত বিদায়ী মন্ত্রী পরিষদ তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারে।
রাজ্যপাল দপ্তর থেকে জারি করা এক লাইনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: "ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে আমাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ০৭ই মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি"।
আজ মধ্যরাতের পর বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মমতা পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় সরকার ভেঙে দেয়া হলো।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের একদিন পর, মঙ্গলবার সন্ধ্যায় মমতার পদত্যাগ না করার ঘোষণাটি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এর প্রেক্ষিতে বিজেপি নেতারা তাঁর সরাসরি বরখাস্তের দাবি জানিয়েছিলেন।
আই/এ