শপথ নিয়েছেন এনসিপির নুসরাত তাবাসসুম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বুধবার (০৬ মে) দুপুর ১২টার কিছু পর তিনি সংসদ ভবনে শপথ নেন। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংসদ ভবনের নিজ কার্যালয়ে নুসরাতের শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানটি সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে সম্পন্ন হয়। শপথ শেষে রীতি অনুযায়ী তিনি সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারিত ছিল। তবে নুসরাত তাবাসসুম ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন, যা নির্ধারিত সময়ের বাইরে হওয়ায় নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি।
পরবর্তীতে তিনি আদালতের দ্বারস্থ হলে উচ্চ আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর ইসি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
এসি//