উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকটে প্রায় এক মাস বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সংকট কাটিয়ে আগামী ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে।
সোমবার (৪ মে) প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে।
মো. মোস্তাফিজুর রহমান বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধের পর। লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে।
প্রসঙ্গত, ক্রুড অয়েল সংকটে গত ১৪ এপ্রিল বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারি। ১৯৬৮ সালের পর প্রতিষ্ঠানটির ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা।
আই/এ