দেশজুড়ে

অপহরণ-চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা আটক

সিরাজগঞ্জে এক ব্যবসায়ীকে জিম্মি করে মারধর এবং চাঁদা দাবির ঘটনায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক সোহেল রানা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (০৩ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গেল শনিবার রাতে শহরের দত্তবাড়ি এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়েছে, স্থানীয় ব্যবসায়ী শাহজাহানের সঙ্গে কাজের সূত্রে তার সহযোগী নাজমুল গেল ২৭ এপ্রিল সন্ধ্যায় শহরের কোবদাসপাড়া এলাকায় তার বাসায় যান। এসময় বাড়ির ভেতরে কথাবার্তার এক পর্যায়ে একদল ব্যক্তি সেখানে ঢুকে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

অভিযোগ অনুযায়ী, তারা নাজমুলকে জোরপূর্বক সেখান থেকে তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখে এবং শারীরিক নির্যাতন চালায়। পরে তার কাছ থেকে ৭০ হাজার টাকা দাবি করা হয়। কৌশলে তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনা হলেও এরপরও হুমকি থামেনি।

বাদী পক্ষ জানায়, বিভিন্ন সময় ফোনে চাপ সৃষ্টি করা হয় এবং টাকা না দিলে ক্ষতি করার হুমকি দেওয়া হয়। সর্বশেষ ২ মে আবারও টাকা আদায়ের জন্য বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এ ঘটনায় নুপুর খাতুন নামে এক নারী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন