লালমনিরহাটে ত্রাণমন্ত্রী
'হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে বিশেষ কার্ড'
হাওর অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বড় ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস খাদ্য সহায়তা প্রদান করবে সরকার।
রোববার (০৩ মে) লালমনিরহাট জেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ত্রাণমন্ত্রী বলেন, হাওর অঞ্চলের লাখ লাখ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের পুনর্বাসনের জন্য যথাযথ উদ্যোগ নিতে কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ইতিমধ্যে,কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। তালিকাভুক্ত কৃষকদের বিশেষ কার্ড দেয়া হবে, যা দিয়ে তারা প্রতি মাসে বিশেষ সহায়তা পাবেন।
একই অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর উদ্যোগে ১০১টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে গরু, ভ্যানগাড়ি,সেলাই মেশিন ও দোকানের মালামাল সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এমএ//