রাতে শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করবেন। রোববার (০৩ মে) সংসদ ভবনে অবস্থিত শপথকক্ষে রাত ৯টায় তাদের শপথবাক্য পাঠ করানো হবে। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) এই সদস্যদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে, যেখানে তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইসি কর্তৃক প্রকাশিত গেজেট অনুসারে, রাজনৈতিক দল ও জোটভিত্তিক আসন বণ্টনের মাধ্যমে সরকারদলীয় জোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৬ জন এবং জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ জন নারী সদস্য নির্বাচিত হয়ে আজ শপথ গ্রহণ করবেন।
বিএনপি জোট থেকে নির্বাচিতরা হলেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
অন্যদিকে, জামায়াতে ইসলামী জোট থেকে নির্বাচিত সদস্যরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।
এ ছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।
আজকের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত এই সদস্যরা আনুষ্ঠানিকভাবে সংসদে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছেন।