জাতীয়

জলাবদ্ধতা কমাতে ও পানি সংরক্ষণে খাল খননের ঘোষণা সরকারের: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যেই খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে বিস্তীর্ণ হাওরাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি জানান, নতুন রাস্তা নির্মাণ করলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে। সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে তা ১ হাজার ২০০ শয্যায় উন্নীত করা হবে বলেও ঘোষণা দেন তিনি। মানুষের শারীরিক সুস্থতাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সিলেট সফর।

সফরে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি বিশেষ বাসে করে শহরের উদ্দেশে যাত্রা করেন। সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

পরবর্তীতে তিনি সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। দিনশেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তার।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করে।

এর আগে সকালে তিনি রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন