রাজধানী

হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর হাতব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ১৭ হাজার সৌদি রিয়াল ও নগদ ৯০ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, হাবিবুর রহমান ও নাদিম। তাঁরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আতর বিক্রি করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে রাজধানীর খিলক্ষেত ও ঢাকার অদূরে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি ডিআইজি মীর আশরাফ আলী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হজযাত্রীর দেশি-বিদেশি মুদ্রা চুরির ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর তদন্তে নামে ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) একটি দল।

তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশের একটি দল গতকাল রাত আড়াইটা নাগাদ খিলক্ষেত থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার আর এক সহকারী নাদিমকে টঙ্গি স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।

পরে নাদিমের দেয়া তথ্য অনুযায়ী এ ঘটনার মূল হোতা আব্দুল মান্নানের গাজীপুরের বাসায় অভিযান পরিচালনা করা হয়। তাকে না পাওয়া গেলেও, তার মেয়ের জামাইয়ের বাসা থেকে ১৭৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, ঘটনার পর তারা ৩৫০০ সৌদি রিয়াল ভাঙিয়ে ১১৫০০০ টাকা উত্তোলন করে। এই টাকা থেকে কিছু তারা খরচ করলেও পুলিশ মান্নানের দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে ৯০ হাজার টাকা উদ্ধার করে।

পলাতক মান্নানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এর আগে এ ঘটনায় ভুক্তভোগী ইমরান হোসেনের ছেলে মো. সাইয়ন আহমেদ বিমানবন্দর থানায় একটি চুরির মামলা করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন