দেশজুড়ে

৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

কুমিল্লার বুড়িচংয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ময়নাল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের ময়নাল হোসেন তার প্রতিবেশী দ্বিতীয় শ্রেনির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে। পরবর্তীতে অপরাধ গোপণের উদ্দেশ্যে শিশুটির মরদেহ পলিথিনে পেঁচিয়ে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। পরে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ময়নালকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছে মামলার বাদীপক্ষ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন