জাতীয়

ঢাকার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন

ছবি: সংগৃহীত

ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন।

একই আদেশে বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে। এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শামীমা পারভীনের নেতৃত্বে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

শামীমা পারভীন নড়াইল জেলার বাসিন্দা। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ক হিসেবেও তিনি কাজ করেছেন এবং আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন।

ব্যক্তিগত জীবনে শামীমা পারভীন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের জীবনসঙ্গী। ছাত্রজীবনে তিনি ঢাকা সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখানে জাবি শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি জাবি বিসিএস অফিসার্স ফোরামের ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন