জাতীয়

৪ জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

দেশের চার জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছেএর মধ্যে নেত্রকোণায় ও সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে দুইজন, নোয়াখালীতে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে।

নেত্রকোনা-

খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর ধনু নদের গোদারা ঘাটে সকালে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রামের বাসিন্দা।

দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হলে সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম খাঁ  হালান মিয়া বাড়ির সামনে থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায়। একই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে সিরাজগঞ্জ সদর থেকে ধান কাটতে আসা কৃষি শ্রমিক শুভ মন্ডল নিহত হন।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, আইনী প্রক্রিয়া শেষে মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন।

আজ বিকেলে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২) এবং মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। একই সময় সদর উপজেলার হাওরের অন্য একটি স্থানে বজ্রপাতে জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু সালেহ (২২) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়।

হবিগঞ্জ

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ বিকেলে মকছুদ আলী (৪০) নামে এক কৃষক নিজ জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ছাড়া, বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় আব্দুল গফুরের ছেলে আব্দুস সালাম (৩৫) বাড়ির পাশে খলা থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে মারা যান

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মকছুদ আলীর পরিবারটি দরিদ্র। তার পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় আজ দুপুরে  বাদাম আনতে গেলে হঠাৎ বজ্রপাতে বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার খাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত  করেছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন