জ্বালানি সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠছি : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন,জ্বালানি সংকট বিএনপির তৈরি করেনি। এটা একটি আন্তর্জাতিক সংকট। কিন্তু সেটাও ধীরে ধীরে কাটিয়ে উঠছি আমরা। রিনিউবল এনার্জি নিয়ে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি অবশ্যই করবেন।
রোববার (২৬ এপ্রিল) সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু কোনও চক্রান্তই সফল হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনও চক্রান্তের মাধ্যমে মুছে ফেলা যাবে না।
তিনি বলেন, হাম মোকাবিলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিলে এমনটা হতো না। আগে থেকেই এটা মোকাবিলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে হতো। তাই হামে যেন আর কোনও মৃত্যু না ঘটে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে।
তিনি আরও বলেন, সরকারের কাছে অনুরোধ করবো, রুফটপ সোলার প্যানেলের ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। জ্বালানিমন্ত্রীকে এটা উৎসাহিত করুন এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয় সেটাও কমিয়ে দিন। যাতে মানুষ তাদের ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে। যাতে আর অন্য দেশের মুখ চেয়ে থাকতে না হয়।
এ সময় সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলারের ওপর থেকে ট্যাক্স কমানোরও অনুরোধ করেন তিনি।