জাতীয়

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর: পরিকল্পনা প্রতিমন্ত্রী

দেশে চলমান ও প্রস্তাবিত প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রকল্পের ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলোর যৌক্তিকতা যাচাই-বাছাই করা নির্দেশ দিয়েছেন। 

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয় এদিন।

প্রতিমন্ত্রী বলেন, সভায় ১৭টি প্রকল্প উত্থাপিত হয়েছে, তার মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ প্রকল্পই পাস হয়েছে। তবে, কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে। প্রায় প্রকল্পের ব্যাপারে কমেন্টের বিষয় আছে।

তিনি বলেন, এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, চলমান প্রকল্প এবং বিগত সময়ে যেসব প্রকল্প প্রস্তাবিত হয়েছে; সেইসব প্রকল্পকে আমরা রিভিউ করব। অনেকগুলো প্রকল্প এমন অবস্থায় চলে এসেছে যে সেগুলোর হয়তো প্রয়োজন নেই। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি প্রকল্পের ব্যয় যৌক্তিক হয় এবং তা নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হয়। এছাড়া প্রাণ-প্রকৃতি রক্ষা করে কীভাবে টেকসই উন্নয়ন করা যায়, সে বিষয়েও প্রধানমন্ত্রী বিশেষ পর্যবেক্ষণ দিয়েছেন।

উল্লেখ্য, রোববারের একনেক সভার এজেন্ডায় থাকা ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অনুমোদিত এই প্রকল্পগুলোর মধ্যে ৬টি একদম নতুন প্রকল্প, ৭টি সংশোধনী প্রস্তাব এবং ৪টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন ছিল।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন