প্রবাস

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রবাসীদের সম্পৃক্ত হবার আহ্বান জানালেন ডা. জিয়াউদ্দিন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রবাসীদের সম্পৃক্ত হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোটেল হলিডে ইন এক্সপ্রেসে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সেভ বাংলাদেশ

প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়া হায়দার বলেন, দেশের উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। তরুণদের খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ সম্মান দেওয়া এবং শ্রমজীবী মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে বিভিন্ন খাতে কার্যক্রম শুরু হয়েছে এবং স্বাস্থ্য খাতে নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় অন্য বক্তারা বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রবাসীদের বিনিয়োগ, অভিজ্ঞতা ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রবাসীদের আরও সংগঠিত হয়ে দেশের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি জাহিদ খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কামরুন নাহার কনার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মজনু মিয়া, প্রকৌশলী জাকির হোসেন, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা এবং অ্যাডভোকেট নয়ন বাঙ্গালী।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন তুহিন ইসলাম, শারমিন আনসারি, তৌফিকুল ইসলাম, ডা. পারভেজ হায়দার, আর্কিটেক্ট মো. শামিম, খাজা মো. কাজল, শামসুদ্দিন শাম, নেসার আহমেদ, কাইয়ুম চৌধুরী, এ টি এম আলম ও এ জি এম হোসেন প্রমুখ।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন