যুদ্ধবিরতি নিয়ে কঠোর অবস্থানে ট্রাম্প
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায়- বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে আগ্রহী নন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সময় খুব সীমিত এবং পরিস্থিতি দ্রুত সিদ্ধান্তের দিকে যাচ্ছে।
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, একটি সমঝোতায় পৌঁছানো গেলে ইরান নিজেদের জন্য তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারবে।
তবে তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় বসা ছাড়া ইরানি কর্তৃপক্ষের সামনে কার্যকর কোনো বিকল্প নেই।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত রোববার হরমুজ প্রণালির কাছে একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করার পর তেহরান হুঁশিয়ারি দিয়ে জানায়, তারা আলোচনায় অংশ না-ও নিতে পারে।
সূত্র: আল জাজিরা
এসি//