দেশজুড়ে

মানবপাচার চক্রের ২ গ্রুপের সংঘর্ষে ৩ যুবক নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় মানবপাচারকারী চক্রের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতদের আগে অপহরণ করা হয়। পরে তাদের পিটিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটিকে শুরুতে ডাকাতদের কাজ মনে করা হলেও পরে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, এটি দুই মানবপাচার চক্রের আধিপত্য বিস্তারের সংঘর্ষের ফল।

নিহতরা হলেন রবিউল হাসান (২০), মুজিব (৩০) ও নুরুল বাশার (২৬)। তারা সবাই উত্তর শীলখালী এলাকার বাসিন্দা।

স্থানীয় জনপ্রতিনিধি হুমায়ুন কাদের জানান, সকালে পাহাড়ি এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। রাতের কোনো এক সময় তাদের অপহরণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজন তার আত্মীয় এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং একজনকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

স্থানীয়দের অভিযোগ, টেকনাফের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানবপাচার ও সশস্ত্র চক্র সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে, যা এলাকায় নিরাপত্তা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন