আলোচনায় না এলে নজিরবিহীন সমস্যায় পড়বে ইরান: ট্রাম্প
ইরান শেষ পর্যন্ত আলোচনায় বসতে বাধ্য হবে। তা না হলে দেশটি এমন সমস্যার মুখোমুখি হবে, যা তারা আগে কখনও দেখেনি। বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন রেডিও অনুষ্ঠান জন ফ্রেডেরিকস শো’তে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘তাদের অবশ্যই আলোচনা করতে হবে। যদি তারা তা না করে, তাহলে তারা এমন পরিস্থিতির মুখে পড়বে, যা আগে কখনও দেখেনি।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আশা করে একটি ন্যায্য চুক্তি হবে, যার মাধ্যমে ইরান নিজেদের দেশ পুনর্গঠনের সুযোগ পাবে। তবে সেই চুক্তির শর্ত হিসেবে ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ থেকে সরে আসতে হবে বলেও জোর দেন তিনি।
ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না। এটি বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।’
এ সময় তিনি দাবি করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামনে কার্যত কোনো বিকল্প ছিল না। পরিস্থিতির প্রেক্ষাপটে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এমএ//