আন্তর্জাতিক

আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ নিহত ২৩

ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৩ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী বলে জানা গেছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামের কাছে অবস্থিত বনজা ফায়ারওয়ার্কস নামের কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় কারখানাটিতে প্রায় ১০০ জন শ্রমিক কাজ করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় শ্রমিকরা রাসায়নিক মিশ্রণের কাজ করছিলেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় এবং পরবর্তীতে লাগা আগুনে অন্তত চারটি শেড মাটির সঙ্গে মিশে যায়। বিস্ফোরণের পর প্রায় ৫০ ফুট উঁচুতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

পুলিশের এক কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, তিনটি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়া আশপাশের বেশ কিছু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা কালেক্টর এন ও সুখপাত্র জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ২৩টি মৃতদেহ উদ্ধার করেছেন। আহত ৬ জনকে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

পরবর্তীতে সন্ধ্যায় উদ্ধারকাজ চলাকালীন ধ্বংসস্তূপ সরানোর সময় একটি মাটি কাটার যন্ত্রের ত্রুটির কারণে আরও একটি বিস্ফোরণ ঘটে। এতে আরও ১৭ জন আহত হন, যাদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য এবং ৪ জন দমকলকর্মী রয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, কারখানাটির লাইসেন্স থাকলেও তারা একাধিক নিরাপত্তা বিধি লঙ্ঘন করে কাজ করছিল। জেলা কালেক্টর বলেন, রোববার কারখানাটি চালু থাকার কথা ছিল না। বিস্তারিত তদন্তের পর আমরা কঠোর ব্যবস্থা নেব এবং লাইসেন্স বাতিল করা হবে।

কারখানার মালিক ঘটনার পর পলাতক রয়েছেন। তিনি ওই এলাকার একজন সাবেক গ্রামপ্রধানের স্ত্রী।

মৃতদের অনেকের দেহ এতটাই পুড়ে গেছে যে চেনা অসম্ভব হয়ে পড়েছে। অনেকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সংবাদ সংস্থা এএনআইকে তাদের এক স্বজন জানান, তিনি এই দুর্ঘটনায় তার বাবা ও মা উভয়কে হারিয়েছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই মৃত্যুকে মর্মান্তিক বলে সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে ২০১২ সালে তামিলনাড়ুর শিবকাশীর একটি কারখানায় বিস্ফোরণে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন