আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে এই দণ্ডাদেশ বাস্তবায়ন করা হয় বলে জানিয়েছে ইরানের তাসনিম সংবাদ সংস্থা।

সংস্থাটির দাবি, দণ্ডপ্রাপ্তরা মোসাদের একটি নেটওয়ার্কের সদস্য হিসেবে কাজ করছিল। তাদের বিরুদ্ধে সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা ব্যবহার, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানের তথ্য সংগ্রহ এবং বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে, অভিযুক্তরা বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাতেও জড়িত ছিল। এসব নাশকতামূলক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তাদের নিয়ন্ত্রকদের কাছে পাঠাত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তাসনিম আরও জানায়, এই গোয়েন্দা নেটওয়ার্কটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ছিল। বিশেষ করে তেহরানের দুটি সরকারি ও সামরিক স্থাপনায় নতুন হামলার পরিকল্পনার সময় তাদের গতিবিধি শনাক্ত করা হয়।

সংবাদ সংস্থাটি আরও দাবি করেছে, অভিযুক্তদের বিস্ফোরক ব্যবহারের কৌশল, হামলার লক্ষ্য নির্ধারণ এবং ভিডিও ধারণের পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন