চাচার ধারালো অস্ত্রের আঘাতে ৫ বছর বয়সী ভাতিজা নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাচার হামলায় মাহতাব হোসেন হৃদয় (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের লোকজন জানায়, বাড়ির পাশে টয়লেট নির্মাণকে কেন্দ্র করে ফারুক হোসেন ও তার ভাই হামেদ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঝগড়া শুরু হলে হামেদের অন্য ভাইয়েরাও লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আসে।
এ সময় ফারুক হোসেন তার ছেলেকে কোলে নিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। হামেদ চাপাতি দিয়ে আঘাত করলে শিশুটি কোলে থেকে পড়ে যায়। পরে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ