বৈঠকে বসবে ইসরাইল-লেবানন, স্বস্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প
৩৪ বছর পর সরাসরি আলোচনায় বসছে ইসরাইল ও লেবানন। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে চলা সামরিক উত্তেজনা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব শিগগিরই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনে কথা বলবেন।
তবে লেবাননের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই সম্ভাব্য ফোনালাপ সম্পর্কে তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে জানিয়েছেন, ইসরাইল ও লেবাননের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে এবং পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তির দিকে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে শেষবার সরাসরি যোগাযোগ হয়েছিল প্রায় ৩৪ বছর আগে।
ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে পারে, যা সম্ভাব্য যুদ্ধবিরতির পথ তৈরি করতে পারে।
প্রায় তিন দশকের বেশি সময় পর দুই দেশের মধ্যে এমন কূটনৈতিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হলেও বিশ্লেষকদের মতে, বাস্তব পরিস্থিতি এখনো ভঙ্গুর। সাম্প্রতিক সংঘাতে লেবাননের দক্ষিণাঞ্চলের বহু এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাসিন্দারা ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করলেও সামনে কী অপেক্ষা করছে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ফলে কূটনৈতিক প্রচেষ্টা কতটা টেকসই হবে, তা সময়ই বলে দেবে।
এমএ//