রাজধানী

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোট ১৪টি পয়েন্টে যান চলাচলে ডাইভারশন কার্যকর থাকবে। একই সঙ্গে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ট্রাফিক নির্দেশনা জানানো হয়।

ডিএমপি কমিশনার জানান, ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশ এলাকার রাস্তা বন্ধ বা ডাইভারশন দেয়া হবে।

একইসঙ্গে নির্দিষ্ট কিছু সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা কিছু নির্দেশনা দিয়েছি যাতে করে রাস্তায় জ্যাম না হয়। সুনির্দিষ্ট পরিকল্পনা করে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বন্ধ থাকবে যেসব পয়েন্ট

মঙ্গলবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিচের পয়েন্টগুলোতে ডাইভারশন চলবে:

বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও পুলিশ ভবন।

সুগন্ধা, কাকরাইল চার্চ ও কদম ফোয়ারা।

হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল ও রোমানা ক্রসিং।

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও ভাস্কর্য ক্রসিং।

নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা

উৎসবের দিন যানজট এড়াতে কয়েকটি বিকল্প পথের কথা জানিয়েছে:

মিরপুর-ফার্মগেট অভিমুখী: এই পথের ভারী যানবাহনগুলো বাংলামোটর থেকে মগবাজার হয়ে চলাচল করবে। তবে হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড হয়ে যেতে পারবে।

গোলাপশাহ মাজার ও হাইকোর্ট অভিমুখী: শাহবাগমুখী যানবাহনগুলো কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

সায়েন্সল্যাব অভিমুখী: শাহবাগমুখী ভারী যানবাহন আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার হয়ে চলবে। হালকা যানবাহন কাঁটাবন থেকে হাতিরপুল অথবা নীলক্ষেত-পলাশী হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান

নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।

মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)।

কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত (রাস্তার পশ্চিম পাশে)।

আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোড (উভয় পাশে)।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন