ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প
পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর ইরানকে ঘিরে নতুন সামরিক পদক্ষেপের চিন্তায় রয়েছে যুক্তরাষ্ট্র।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা দূর করা এবং ইরানের ওপর চাপ বাড়াতে সীমিত পরিসরে সামরিক হামলার বিকল্প গুরুত্বসহকারে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১২ এপ্রিল) রাতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের পরিকল্পনার পাশাপাশি সম্ভাব্য এই হামলার বিষয়টিও আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্রের বরাতে জানানো হয়, পাকিস্তানে ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প প্রশাসন বিভিন্ন বিকল্প নিয়ে ভাবতে শুরু করে, যার মধ্যে সীমিত হামলার বিষয়টি অন্যতম।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠা এবং দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়ে প্রেসিডেন্টের অনীহা রয়েছে। ফলে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার সম্ভাবনা কম। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে অস্থায়ী অবরোধের পথও বিবেচনা করা হতে পারে, যেখানে মিত্র দেশগুলোর ওপর দীর্ঘমেয়াদি নৌ অভিযানে অংশ নিতে চাপ সৃষ্টি করা হতে পারে।
এর আগে দিনের শুরুতে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো আটকানোর কার্যক্রম শুরু করবে।
এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে ইরানি বন্দরে প্রবেশ ও প্রস্থান করা সব ধরনের সামুদ্রিক চলাচলের ওপর অবরোধ কার্যকর করা হবে।
এসি//