চার দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। ৪৮ ঘণ্টার মধ্যে সেগুলো বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে হাসপাতালটির প্রশাসনিক ব্লকে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডাক্তার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম।
তিনি জানান, ঘটনার পর গঠিত ৬ সদস্যদের যেই তদন্ত কমিটি, সেই কমিটির সঙ্গেও তাঁরা কথা বলেছেন। তদন্তের পর কমিটি তাদের সুপারিশমালা তৈরি করেছেন। সেখানে ইন্টার্নদের দেয়া ৪ দফা প্রতিফলিত হয়েছে।
নাবিল বিন কাশেম বলেন, এখন সরকারের কাছে তাদের দাবি হলো- তারা যেনো দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে। এছাড়া ঢাবি যেনো দুষ্কৃতকারীদের শনাক্ত করে নাম পরিচয় পকাশ করে এবং শাস্তি দেয়। ভবিষ্যতে চিকিৎসকের ওপর এমন হামলা যেন না হয় এবং যদি হয় তাহলে এর শাস্তি কী হবে, তারা যেন সেটির নোটিশ ঘোষণা করে।
তিনি আরও বলেন, গত বুধবার (৮ এপ্রিল) একই দিনে দিনাজপুর মেডিকেলেও চিকিৎসকদের ওপর হামলা হয়েছে। কাজেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে সারা দেশে হাসপাতালগুলোতে একযোগে কঠোর কর্মসূচি পালন করবেন।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের এক অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে হয়রানির অভিযোগ তুলে চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা ৪ দফা জানান। দাবিগুলো হলো: হামলাকারীদের বিরুদ্ধে মামলা, শনাক্ত ও শাস্তি নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন পাস এবং হাসপাতালের জরুরি বিভাগে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ মোতায়েন করা।
আই/এ