সাকিবকে নিয়ে বিসিবির পরিকল্পনা জানালেন প্রধান নির্বাচক
আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার (১১ এপ্রিল) মিরপুরে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। এ সময় আলোচনায় উঠে আসে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও।
প্রধান নির্বাচক জানান, সাকিবের সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, সাকিব বর্তমানে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট ও পর্যাপ্ত ট্রেনিংয়ের বাইরে থাকায় তার প্রস্তুতি ও ফিটনেস নিয়ে আলোচনা হয়েছে।
হাবিবুল বাশার স্পষ্ট করেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তাকে নিজের প্রস্তুতি প্রমাণ করতে হবে।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু দাবি করে। তাই প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। সে যদি প্রস্তুত থাকে এবং দীর্ঘ সময় খেলতে চায়, তাহলে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।’
তিনি আরও বলেন, বিসিবির মূল লক্ষ্য এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৬-৭ মাসের মধ্যে দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে সাকিবের ফেরা এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।
এমএ//