রাজনীতি

‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবি ৩ সংগঠনের

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তিসহ দেশবিরোধী সব গোপন ও অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান হয়

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, নির্বাচনের মাত্র দুই-তিন দিন আগে দেশের মানুষকে অন্ধকারে রেখে অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন বাণিজ্যচুক্তি সম্পাদন করেছে। অন্তর্বর্তী সরকার দেশের জনগণের মতামত উপেক্ষা করে দেশের কৌশলগত সম্পদ বন্দর ইজারা দেওয়ার চেষ্টা করেছে। তাদের প্রতিরোধে সাময়িকভাবে সরকার পিছু হটেছিল। কিন্তু সেই চক্র পুনরায় সক্রিয় হয়েছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার চক্রান্ত করেছে, তার নমুনা দেখা গিয়েছে রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়ায়অবিলম্বে এসব চুক্তি বাতিল করতে হবে। নতুবা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে অতীতের মতো তা প্রতিহত করা হবে

যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর ড. ইউনূস তথাকথিত আশির্বাদ হিসেবে আমাদের দেশে এসেছিলেন। এসেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করেছেন। তিনি তার প্রভু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করতেই মূলত ১৮ মাস সময় নিয়েছেন।

উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ১৪টি চুক্তি করেছে; যা দেশের জনগণের স্বার্থবিরোধী। ড. ইউনূস মূলত বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করতেই ক্ষমতায় বসেছিলেন। বর্তমানে বেশি দাম দিয়ে নিম্নমানের যুক্তরাষ্ট্রের গম কিনতে হচ্ছে। জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে।

তিনি বলেন, এটি যদি দাসত্ব না হয় তবে আরকি হতে পারে! এ দেশের সাধারণ মানুষের জীবন বিষিয়ে দেবে এই বাণিজ্যচুক্তি। দেশের জনগণের দাসত্ব মেনে নিতে পারি না।  বক্তব্যে এই দাসত্বের চুক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হবার আহ্বান জানান তিনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন