রাজধানী

রাজধানীতে ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল বিক্রি শুরু

রাজধানী ঢাকায় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। প্রাথমিকভাবে দুটি পেট্রোল পাম্পে চালু হওয়া এই ব্যবস্থা পর্যায়ক্রমে পুরো ঢাকা এবং পরে দেশব্যাপী চালুর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশন এবং তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে এই কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ১০ হাজারের বেশি ব্যবহারকারী অ্যাপে নিবন্ধন করেছেন বলেও জানান তিনি।

যুগ্ম সচিব বলেন, প্রথমে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। ধীরে ধীরে এটি রাজধানীর সব ফিলিং স্টেশনে বিস্তৃত করা হবে এবং পরবর্তীতে দেশব্যাপী চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রসঙ্গত, ফুয়েল পাসের জন্য সরকার ইতোমধ্যে একটি ওয়েবসাইট চালু করেছে। আবেদনকারীদের চার ধাপে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিআরটিএর রেজিস্ট্রিশনকৃত গাড়ি ও মালিকের তথ্য দিতে হবে। যাচাই-বাছাইয়ের পর ফোনে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। এটিকে সাবমিট করে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।

আবেদনকারীর কাছে থাকতে হবে: জাতীয় পরিচয়পত্র (NID), গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন