খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় পুকুরে ডুবে সায়ফা আক্তার নামে ১বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সায়ফা আক্তার উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা বটতলা গ্রামের শাহিন মিয়ার মেয়ে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার টেঙ্গা বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন,আজ বিকেলে পরিবারের লোকজন নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে খেলা করছিল সায়ফা। এরমধ্যে কোন এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। সন্ধ্যার দিকে শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। স্বজনরা শিশুটিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ