বিনোদন

জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্তের প্রভাব সিনেমা হলে

ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার রোববার (০৫ এপ্রিল) থেকে সন্ধ্যা ৬টার পর দোকান, বিপণিবিতান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে দেশের সিনেমা প্রদর্শনী খাতেও। নির্দেশনা মেনে মাল্টিপ্লেক্সগুলো সন্ধ্যার পর সিনেমার শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি নির্দেশনা কার্যকর হওয়ার পরপরই প্রথমে ব্লকবাস্টার সিনেমাস সন্ধ্যার শো বন্ধের ঘোষণা দেয়। পরে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য মাল্টিপ্লেক্সও একই পথে হাঁটে।

সবশেষে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস জানিয়েছে, নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সন্ধ্যা ৬টার পর তাদের কোনো শো থাকবে না। ফলে বিকেলের প্রদর্শনীগুলোই আপাতত দিনের শেষ শো হিসেবে বিবেচিত হচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, সন্ধ্যার সময়টাই দর্শক উপস্থিতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিপণিবিতান বন্ধ থাকলে দর্শক কমে যায়, তাই আপাতত বিকেল পর্যন্তই শো চালানো হচ্ছে।

অন্যদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ গণমাধ্যমকে জানান, একক পর্দার হলগুলোর জন্য এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

তার ভাষায়, রাতের শোগুলোই এখন ভালো চলছে, তাই হঠাৎ বন্ধ করলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। তবে পরিস্থিতি দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

 

সব মিলিয়ে, মাল্টিপ্লেক্সগুলো ইতোমধ্যে সন্ধ্যার পর শো বন্ধ রাখলেও একক পর্দার হলগুলো এখনো চূড়ান্ত অবস্থানে যায়নি। এতে দর্শক ও হল মালিকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন